কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৪:১৫ এ এম

অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থী রুবিনা পাশ করেছে

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অংশ নেয়া একমাত্র শিক্ষার্থী রুবিনা আক্তার পাশ করেছে। 

রোববার (১২ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে সে জিপিএ ২.১৭ পেয়ে পাশ করেছে বলে প্রধান শিক্ষক মো: নুর জামাল মিয়া নিশ্চিত করেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মাত্র একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার নাম রুবিনা আক্তার। তার পরীক্ষার রোল নম্বর ৫১৭৪৭৭ বিভাগ মানবিক। ফলাফল প্রকাশিত হলে সে জিপিএ ২.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। 

উল্লেখ, বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৮ সালে স্থাপিত হয়। ২০০৪ সালে বিদ্যালয়টির নিম্ন মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়।

এরপর ২০১২ সালে মাধ্যমিক পর্যায় পাঠদানের অনুমতি পায়। পাঁচজন এমপিও ভুক্ত শিক্ষকসহ প্রতিষ্ঠানটিতে মোট ১১ জন শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। বিদ্যালয়টি থেকে এবছর মানবিক বিভাগের একমাত্র শিক্ষার্থী রুবিনা আক্তার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এ অবস্থার জন্য করোনা ও বাল্যবিবাহকে দায়ী করেছেন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী রুবিনা আক্তার জানায়, ফলাফল ভালো হয়নি, তারপরও পাশ করেছি এটাই সৌভাগ্য।

প্রধান শিক্ষক নুর জামাল মিয়া জানান, আমার প্রতিষ্ঠানের একমাত্র পরীক্ষার্থী রুবিনা আক্তার জিপিএ ২.১৭ পেয়ে পাশ করেছে। ফলাফল সন্তোষজনক নয় তারপরও প্রতিষ্ঠানের সম্মান রক্ষা হওয়ায় আমি খুশি।

তিনি আরও জানান, রুবিনার আর ৫-৬জন বান্ধবী ছিল। এসএসসি পরিক্ষা আসতে আসতে সবার বিয়ে হয়ে গেছে। 

মন্তব্য করুন