প্রকাশিত: ৯ অক্টোবার, ২০২৬, ১০:০০ এ এম

অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ

রাজশাহী ব্যুরো
 নাটোরের গুরুদাসপুরে ডেঙ্গু প্রতিরোধ, সন্তানদের সুশিক্ষা, বাল্যবিবাহ রোধ ও সরকারি জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়েও আলোকপাত করেন। তিনি ফ্যামিলি কার্ড, খাল খননসহ বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী ও গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আকতার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাটোর জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন