কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ০১:০৪ এ এম

অনলাইন সংস্করণ

কক্সবাজারে গফুর হত্যাকান্ডের ১৩ বছর পর আসামী গ্রেফতার

ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধে কক্সবাজার জেলার প্রথম শহীদ 'শরীফ চেয়ারম্যান' পরিবার সদস্য, হাফেজ আব্দুল গফুর হত্যাকান্ডের অন্যতম আসামী নিজেকে বাঁচাতে কখনও ফেরিওয়ালা, কখনও মৎস্যজীবীসহ নানান ছদ্মবেশ ধারণ করে আইনের চোখকে ফাঁকি দিয়ে কাটিয়ে দেয় দীর্ঘ ১৩টি বছর।

কুপিয়ে মাথা দুইভাগ করে হাত দিয়ে মগজ বের করে আনার নৃশংস ও চাঞ্চল্যকর হত্যার ঘটনার দীর্ঘ ১৩ বছর পর গত ২০ মার্চ দিনগত রাত দেড়টার সময় নুর কাশেম নূরীকে চকরিয়ার শাহ উমর নগর এলাকা থেকে র‌্যাব-১৫ গ্রেফতার করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী জানান, গত ২০১১ সালের ২১ মে রাত সাড়ে ১১ টার সময় স্থানীয় বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন কোরআনে হাফেজ মৌলভী আব্দুল গফুরকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকান্ডের পর হাত দিয়ে টেনে মৃতদেহের মগজ বের করে নেওয়ার মতো নৃশংস ঘটনা ওই সময়ে গণমাধ্যমে প্রচারিত হলে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সোচ্চার হন সচেতন মহল। 

নিহত হাফেজ মৌলভী আব্দুল গফুর মহেশখালী থানার  কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনার দুই দিন পর গত ২০১১ সালের ২৩ মে  নিহতের ভাই জাফর আলম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে ছিলেন। হত্যাকান্ডে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কাশেম নূরীকে গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত ছিল।

মন্তব্য করুন