প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১২:১৬ পিএম

অনলাইন সংস্করণ

ইতালির ভেনিসে হেনস্তার শিকার হয়ে থানায় অভিযোগ করলেন বাঁধন

বিজনেস ফাইল ডেস্ক
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ইতোমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয় সময় সোমবার রাতে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচারে এসে জানান তিনি।

তার অভিযোগ, “২০২৪ সালের জুলাই-অগাস্টের আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতা-কর্মী এই ঘটনা ঘটিয়েছেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে “জুলাই জঙ্গি” হিসেবে আখ্যায়িত করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে লক্ষ্য করে বস্তু ছুড়ে মারা হয়।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। সেই প্রেক্ষাপটেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রতিকার চেয়ে অভিনেত্রী স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

এই অভিযোগের বিষয়ে ভেনিস আওয়ামী লীগ বা ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন