প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ০৬:৪২ পিএম

অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন


এইচ মেজবাহ:

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এ ঘটনায় জামায়াত-শিবিরের জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৮ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। তিনি শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে মারা যান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ মঞ্চের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পিরোজপুরে জামায়াত-শিবিরের কিছু ব্যক্তি মানিক পশারীকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। নিরাপত্তার কারণে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাঁর মৃত্যুর পর রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান ও মরদেহ দাফনে বাধা দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেছে সংগঠনটি। পরে পরিবারের সদস্যরা গভীর রাতে গোপনে কবর খুঁড়ে তাঁকে দাফন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি এ ঘটনাকে একজন বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের প্রতি অমানবিক আচরণ এবং মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা হিসেবে অভিহিত করেছে। একই সঙ্গে ঘটনার সময় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

বিজ্ঞপ্তিতে মাসুদ সাঈদীসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় মুক্তিযুদ্ধ মঞ্চ।

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিবাদকারীরা ঢাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম,  পিরোজপুরসহ দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
এদিকে সমালোচনার মুখে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিষয়টি তদন্তে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে বলে দলটির আমীর ডা. শফিকুর রহমান জানান।
আর এ ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এমপির নির্দেশে পিরোজপুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফন এবং তাঁর বীর মুক্তিযোদ্ধা সনদের বৈধতা যাচাই ও তাঁকে ঘিরে প্রকাশিত সংবাদের বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন