প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

দুই বাল্কহেড জব্দ, লক্ষাধিক টাকা জরিমানা

নিকলীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

খাইরুল ইসলাম, নিকলী প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়ন সংলগ্ন নদীপথ থেকে অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু পরিবহনে নিয়োজিত দুটি বাল্কহেড জলযান জব্দ করার পাশাপাশি বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দুই আসামিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনসুত্রে জানা যায়,গত ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) বিকেলে নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ শামীম আরা-র নেতৃত্বে ছাতিরচর এলাকায় এই আকস্মিক অভিযান পরিচালিত হয়। এ সময় ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও স্থানান্তরের দায়ে দুটি বাল্কহেড হাতেনাতে জব্দ করে হেফাজতে নেয় উপজেলা প্রশাসন।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ হিসেবে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতেই প্রথম দণ্ডাদেশে বাজিতপুর উপজেলার সাদলপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র মোঃ সাজুল মিয়াকে (৪৫) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে আজ ২৯ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বিকেলে মামলার দ্বিতীয় কার্যধারা সম্পন্ন করে অপর অভিযুক্ত বাজিতপুরের খোকরা রায় গ্রামের আব্দুর রহমানের পুত্র সাবু মিয়াকে (৩৮) সমপরিমাণ আরও ৫০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। অনাদায়ে আইনানুগ কঠোর সাজার বিধান রাখা হয়েছিল, তবে আসামিরা জরিমানার অর্থ পরিশোধ করে তাৎক্ষণিক মুক্তি পান।
নিকলী উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা ও নদীমাতৃক পরিবেশ রক্ষার্থে যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলন, পরিবহন এবং নদী ভাঙন ত্বরান্বিতকারী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর ও আপসহীন অবস্থান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন