প্রকাশিত: ১৯ অক্টোবার, ২০২৬, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
সাব্বির আহমদ মানিক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পপতি, উপজেলা বিএনপির সহসভাপতি এবং আরশি ফিটমেইল ও লামিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. ইকবাল হোসেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন এবং প্রতিটি মণ্ডপে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
সম্প্রতি বাজিতপুর উপজেলা হরিসভা দুর্গামন্দির, সরারচর দুর্গাবাড়ি এবং কামালপুরের কয়েকটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ অনুদান দেন। পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
এ সময় ইকবাল হোসেন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে এবং নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দ ও উৎসাহের সঙ্গে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য আমরা তাঁদের পাশে আছি। ভবিষ্যতেও সুখে-দুঃখে তাঁদের পাশে থাকার অঙ্গীকার করছি।”
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি ও সরারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়ের, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইফতেখার হায়দার ইফতি, সরারচর এসএস বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাবিবুল্লাহ, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মারজান মিয়া এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আরজু মিয়া উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় নেতাকর্মীরা।
ইকবাল হোসেনের এ উদ্যোগে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হবে।
মন্তব্য করুন