প্রকাশিত: ১৯ অক্টোবার, ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলার দুর্গাপুরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭,৩৭৫ পিস ইয়াবা ও একটি ট্রাক উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ১৯ অক্টোবর (২০২৬ খ্রি.) রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় দুর্গাপুর থানাধীন গোপালপাড়া এলাকার পান হাটার সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইয়াবাবেচাকেনার উদ্দেশ্যে অবস্থানরত একটি ট্রাক ও দু'জন ব্যক্তির উপস্থিতি টের পেয়ে পুলিশ তাদের ঘিরে ফেলে। পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে চালক মোঃ শামীম রেজা (২৬)-কে আটক করা হয়। আটক শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বালিয়াদিঘী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে জব্দকৃত ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫) ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে রাখা ৩৮টি জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ৭,৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত অপর মাদক ব্যবসায়ী মোঃ জনা আলী (২৮) কৌশলে পালিয়ে যায়। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার দানিয়েলপুর এলাকার মোঃ তোহরুল ইসলামের ছেলে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ও ট্রাক জব্দের এ ঘটনায় গ্রেপ্তারকৃত এবং পলাতক আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন