প্রকাশিত: ৯ অক্টোবার, ২০২৬, ১০:৪২ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

উৎপল কুমার সরকার 
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিনটি উন্নয়ন প্রকল্পের পুনঃস্থাপিত পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর সিটি হাট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ফলকগুলো উন্মোচন করেন।

রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর মেয়াদকালে গৃহীত এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান। দীর্ঘদিন পর ফলকগুলো পুনঃস্থাপনের মধ্য দিয়ে নগরীর উন্নয়ন কার্যক্রমের ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ সাঈদ, নির্বাহী প্রকৌশলী মাহমুদূর রহমান ইমন, জসীম উদ্দীন আরজু, নিলুফার ইয়াসমিন ও এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

তিন প্রকল্পের পাঁচ ফলকের ইতিহাস

রাসিক সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান রাজশাহী মহানগরীর ফায়ার ব্রিগেড ক্রসিং থেকে উত্তর নওদাপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ-নাটোর মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটির আওতায় স্থাপিত তিনটি ভিত্তিপ্রস্তর ফলক ছিল ঘোষপাড়া মোড়, মেডিকেল বন্ধগেট মোড় এবং সিটি হাট-উত্তর নওদাপাড়া মোড়ে।

একই দিনে গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নর্দমা নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী মো. সাইফুর রহমান। এ দুটি প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন রাসিক মেয়র মিজানুর রহমান মিনু।

এর আগে ২০০৪ সালের ১৫ অক্টোবর গোরহাঙ্গা রেলগেট মোড়ে রাজশাহী মহানগরীর মোড় প্রশস্তকরণ ও শহর সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের আমলে এই তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর ফলক মুছে ফেলা হয়েছিল। দীর্ঘ সময় পর সেগুলো পুনঃস্থাপন ও উন্মোচনের মাধ্যমে প্রকল্পগুলোর স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলো।

মন্তব্য করুন