প্রকাশিত: ৯ অক্টোবার, ২০২৬, ১০:৪১ পিএম

অনলাইন সংস্করণ

বিশ্ব ডিম দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজশাহী ব্যুরো
বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য গঠনে ডিমের গুরুত্ব তুলে ধরতে শুক্রবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে মনি চত্বর ও মালোপাড়া হয়ে অলকার মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেন এবং বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় ডিমের পুষ্টিমান, মানবদেহের সুস্থতা বজায় রাখা এবং পুষ্টিকর খাদ্য হিসেবে ডিমের অপরিহার্যতা তুলে ধরা হয়। এ বছরের বিশ্ব ডিম দিবসের প্রতিপাদ্য ছিল—‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’।

আয়োজকেরা জানান, ডিম একটি পুষ্টিকর ও সহজলভ্য খাদ্য। শরীরের পুষ্টির চাহিদা পূরণ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস গড়ে তোলা এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্যাভ্যাসে মানুষকে উদ্বুদ্ধ করাই বিশ্ব ডিম দিবস উদ্‌যাপনের মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন