প্রকাশিত: ৯ অক্টোবার, ২০২৬, ০৯:৫৯ এ এম
অনলাইন সংস্করণ
উৎপল কুমার সরকার
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে নগরীর মন্নুজান স্কুলের সামনে নির্ধারিত প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন তাঁরা।
এ সময় বিসর্জন ঘাটের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল এবং দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে নগরবাসীর পাশে রয়েছে সিটি করপোরেশন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থা সতর্ক রয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিসর্জন ঘাট প্রস্তুতের কাজও চলছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে প্রস্তুতিমূলক সভা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন, আরএমপি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে আরএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে কোনো ধরনের আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে এসআরবি-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুরুল কবির পিয়াল, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মঞ্জিল হক, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন