প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ বজলুর রহমান
কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং অপচয় রোধে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে সরকারি নির্ধারিত ও ভর্তুকি মূল্যে সুশৃঙ্খল পরিবেশে সার বিক্রি করা হচ্ছে। তদারকির দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী প্রয়োজনীয় সারের পরিমাণ নির্ধারণ করে দিচ্ছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) কাটিগ্রাম আদর্শ বাজারে কৃষ্ণপুর ইউনিয়নের নির্ধারিত সার বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, কৃষকরা জাতীয় পরিচয়পত্র ও উপসহকারী কৃষি কর্মকর্তার স্বাক্ষরিত ছাড়পত্র নিয়ে সারিবদ্ধভাবে সার সংগ্রহ করছেন। জটলা বা হয়রানি ছাড়া নির্ধারিত মূল্যে সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
কৃষ্ণপুর ইউনিয়নের বিএডিসি অনুমোদিত বীজ ও সার ডিলার ‘মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’-প্রোঃ- মোঃ আলী হোসেন জানান, চলতি সেপ্টেম্বর মাসে এই পয়েন্টের জন্য ১৩.৩০ টন ডিএপি, ৩.৮০ টন টিএসপি এবং ১০.৩০ টন এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়নে বিএডিসি অনুমোদিত ২ জন ও বিসিআইসি অনুমোদিত ১ জন ডিলারের পাশাপাশি খুচরা পর্যায়ে বিক্রির জন্য ৯টি পয়েন্ট রয়েছে।
পাশেই কৃষকদের মাঝে একই নিয়মে সার বিতরণ করছেন কৃষ্ণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত বিসিআইসি ডিলার মেসার্স নুজগর এন্ড সন্স যার ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন ।
উপসহকারী কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম ও সার বিক্রেতা মোঃ আব্দুল্লাহ জানান, কৃষকরা যাতে সঠিক মূল্যে ও পরিমিত মাত্রায় সার পান, সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি কৃষিপণ্যের উৎপাদন ব্যয়ও নিয়ন্ত্রণে থাকবে।
মানিকগঞ্জ সদর উপজেলা কৃষিবিদ ও কৃষি অফিসার মোঃ মাসুম ভূঁইয়া বলেন, কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত মূল্যে সার বিতরণ নিশ্চিত করা হচ্ছে। সার অপচয় রোধে ও হয়রানি মুক্ত সেবা দিতে কৃষি বিভাগের মনিটরিং অব্যাহত থাকবে।
মন্তব্য করুন