প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০৩:৪০ পিএম

অনলাইন সংস্করণ

সিংগাইরে ১৫ টাকা কেজি দরে চাল পেয়ে খুশি ৫০৮ হতদরিদ্র পরিবার

মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে। নির্ধারিত সময়ে ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করায় ভোগান্তি ছাড়াই চাল নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়মন্টপ বাজারের নতুন ডিলার হিসেবে প্রায় দুই বছর ধরে দায়িত্ব পালন করছেন তোফায়েল আহামেদ। তিনি সিংগাইর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর ডিলারশিপের আওতায় ৫০৮ জন কার্ডধারী উপকারভোগী রয়েছেন। প্রত্যেক কার্ডধারী মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাচ্ছেন।

ডিলারের দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রতি মাসের নির্ধারিত সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার চাল বিতরণ করা হয়। এ সময়ের মধ্যে কার্ড নিয়ে এসে উপকারভোগীরা নিজ নিজ বরাদ্দের চাল সংগ্রহ করছেন।

জয়মন্টপ বাজারের চাল নিতে আসা ২৯২ নম্বর কার্ডধারী মরণ সরকারের স্ত্রী বলেন, ভিড় ছাড়াই নির্ধারিত সময়ে এসে চাল নিতে পারছেন। সঠিক মাপে চাল পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তাঁর মতো অন্যান্য কার্ডধারীরাও স্বল্পমূল্যে চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

উপকারভোগীরা জানান, আগে চাল নিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো কি না বা কোনো ধরনের ভোগান্তি ছিল কি না—সেটি নির্ভর করে বিতরণ ব্যবস্থার ওপর। তবে বর্তমানে নির্ধারিত দিন ও সময়ে এসে কার্ড দেখিয়ে চাল নেওয়ার সুযোগ থাকায় তাঁদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হচ্ছে।

ডিলার তোফায়েল আহামেদ জানান, কার্ডধারীদের নির্ধারিত পরিমাণ চাল দেওয়াই তাঁর দায়িত্ব। নির্ধারিত সময় অনুযায়ী দোকান খোলা রেখে উপকারভোগীদের চাল দেওয়া হচ্ছে, যাতে কেউ অযথা ভোগান্তিতে না পড়েন।

স্থানীয়রা বলেন, নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে চাল পাওয়ার এই কর্মসূচি গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ অব্যাহত থাকলে এতে এলাকার হতদরিদ্র পরিবারগুলো আরও উপকৃত হবে।

মন্তব্য করুন