প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১০:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি ব্যাচের এলামনাই আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শিখা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
সভায় বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহা. হবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সার্জিস আলম, কলেজের সাবেক ভিপি ওয়ালিউল হক রানা, আব্দুল হালিম, তোফায়েল হোসেন রাজুসহ কলেজের সাবেক শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত রয়েছেন। এলামনাই আয়োজনকে সফল করতে সাবেক শিক্ষার্থীদের ব্যাপকভাবে সম্পৃক্ত করার পাশাপাশি প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা। এ ক্ষেত্রে কলেজের নামে একটি অ্যাপস তৈরিরও প্রস্তাব দেওয়া হয়।
সভায় এলামনাই আয়োজনের কার্যক্রম এগিয়ে নিতে একটি কার্যকরী কমিটি ও একটি উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দেন প্রধান অতিথি। উপস্থিত সবার সম্মতিক্রমে দুটি কমিটি গঠন করা হয়।
অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, শুধু সভা করে বসে থাকলে হবে না; এলামনাই সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। ডিসেম্বর মাস আসতে বেশি সময় নেই। তাই এখন থেকেই পরিকল্পিতভাবে কার্যক্রম শুরু করতে হবে।
তিনি বলেন, এলামনাই আয়োজন শুধু একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কলেজের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় কলেজের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনাও রয়েছে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সাবেক শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ২ হাজার টাকা এবং বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী কিংবা পড়াশোনা শেষ করেও চাকরি বা আয়ের সুযোগ পাননি—এমন শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর শিখা সরকার বলেন, এলামনাই সদস্যদের মধ্য থেকে এককালীন সদস্য করার উদ্যোগ নেওয়া হবে। তাদের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে কলেজের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।
সভায় এলামনাই আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
মন্তব্য করুন