প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১১:০৫ এ এম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং রাজশাহীতে ভলিবল খেলার পুনরুজ্জীবনের লক্ষ্যে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট’। আগামী ২১ থেকে ২৭ নভেম্বর টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত ৮টায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত টুর্নামেন্টের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এসব তথ্য জানান।
ভূমিমন্ত্রী বলেন, এবারের টুর্নামেন্টে পুরুষ বিভাগে দেশের সেরা দলগুলো অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, ঢাকা প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন দল এবং রাজশাহী বিভাগীয় লীগের চ্যাম্পিয়ন দল থাকবে। পাশাপাশি রাজশাহীতে নারী ভলিবলের প্রসারে রাজশাহী জেলা নারী ভলিবল দল ও বাংলাদেশ চ্যাম্পিয়ন পুলিশ নারী ভলিবল দলের মধ্যে একটি বিশেষ ম্যাচ আয়োজন করা হবে।
তিনি জানান, রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে টুর্নামেন্টের খেলাগুলো আয়োজনের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ ক্রীড়ামুখী সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীতে ভলিবলসহ অন্যান্য খেলাধুলার প্রসারে সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
তিনি আরও জানান, টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি দক্ষ টেকনিক্যাল কমিটি ও অর্থ কমিটি গঠন করা হবে। টুর্নামেন্টের সম্ভাব্য প্রাক্কলিত বাজেট ১২ থেকে ১৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ নিজেদের তহবিল ও কর্পোরেট স্পন্সরের মাধ্যমে সংগ্রহ করা হবে। সাধারণ মানুষের কাছ থেকে কোনো ধরনের চাঁদা বা অনুদান নেওয়া হবে না।
প্রস্তুতি সভায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, কোচ ও সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন