প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:৫১ এ এম

অনলাইন সংস্করণ

বগুড়া চেম্বারের সদস্যদের সচেতনতায় ল্যাবএইডের ফ্রি হেলথ ক্যাম্প ও কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদান ও ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বগুড়ার পাঁচ তারকা হোটেল মমইনে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার, ল্যাবএইড ডায়াগনস্টিকস (বগুড়া), ল্যাবএইড ফার্মা এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।আয়োজনে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যদের পাশাপাশি ওষুধ, টাইলস, টায়ার-টিউব, ডায়াগনস্টিক, ইটভাটা, জুয়েলারি, কাপড়, মোটর পার্টস, ইস্পাত ও লৌহ, ফল, চশমা ও ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম. এস. এম. আতিকুর রহমান বাদল।

বক্তব্যে তিনি বলেন, ব্যবসার ব্যস্ততার কারণে অনেকেই নিজের স্বাস্থ্যের প্রতি যথাযথ গুরুত্ব দেন না। অথচ সুস্থ থাকাই কর্মজীবনে সফলতার অন্যতম ভিত্তি। ক্যান্সারসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার বিকল্প নেই। বগুড়া চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইডের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবেঅনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং টিএমএসএস-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান (এমবিবিএস, এমপিএইচ, পিএইচডি)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ক্যান্সার বর্তমানে বিশ্বব্যাপী একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশেও প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।

ক্যান্সারের ঝুঁকি কমাতে জীবনযাপন, খাদ্যাভ্যাস ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ শাহাদৎ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) ফিরোজ হোসাইন খান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও কো-অর্ডিনেটর (কর্পোরেট) মোঃ আবু নাজিম, ল্যাবএইড ডায়াগনস্টিকস, বগুড়ার সিনিয়র ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) প্রবীর কুমার এবং ল্যাবএইড ফার্মার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারসহ ল্যাবএইডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবু হাসান রুবেল ক্যান্সারের কারণ, ঝুঁকির বিষয়সমূহ, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি আর্লি ডায়াগনোসিসের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার সফলতার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাশাপাশি তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের অগ্রযাত্রা, আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর চিকিৎসাব্যবস্থা এবং দেশের ক্যান্সার চিকিৎসা খাতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান এবং বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সাকিফ শামীমের পক্ষ থেকে হাসপাতালের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফিরোজ হোসাইন খান।

দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি ল্যাবএইড গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীমের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় সফলভাবে সম্পন্ন হয়।দিনব্যাপী আয়োজনে বগুড়া চেম্বারের সদস্যদের ফ্রি বেসিক মেডিকেল চেকআপ ও স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন