প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০৩ এ এম

অনলাইন সংস্করণ

রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও কফ সিরাপ জব্দ

রাজশাহী ব্যুরো
সীমান্তপথে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাজশাহী সীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে চারঘাট বিজিপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার মুক্তারপুর গ্রামের পার্শ্ববর্তী পদ্মা নদীর তীরে অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে নদীর তীরবর্তী জঙ্গলে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে এর ভেতর থেকে ৬২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়। মাদকদ্রব্যগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি। জব্দ করা মদ চারঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, একই রাতে আনুমানিক সোয়া ১টার দিকে ইউসুফপুর বিজিপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার কান্দিপাড়া এলাকার খেজুরবাগানে অবস্থান নেয়। বিজিবির কাছে তথ্য ছিল, ওই পথ দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
টহল দল সেখানে অবস্থান নিয়ে নজরদারি চালানোর একপর্যায়ে দূরে কয়েকজনের চলাচল লক্ষ্য করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত বস্তা উদ্ধার করা হয়।
বস্তাটি খুলে ৭৫ বোতল ভারতীয় Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf Syrup জব্দ করা হয়। এ মাদকদ্রব্যেরও কোনো মালিক পাওয়া যায়নি। জব্দকৃত সিরাপ চারঘাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল অব্যাহত রয়েছে। একই সঙ্গে এসব চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

মন্তব্য করুন