প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ
আজাদুর রহমান বশির, জাতীয় প্রেসক্লাব
দেশের শিশু-কিশোরদের পাঠ্যভ্যাসে নতুন মাত্রা যোগ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে রচিত বাংলাদেশের প্রথম পপ-আপ বই—‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’—এর মোড়ক উন্মোচন করা হলো। আজ রোববার (৯ আগস্ট ২০২৬) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বই দুটির প্রকাশনা উৎসব সম্পন্ন হয়।
বই দুটির লেখক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাবরিনা শুভ্রা। এই ব্যতিক্রমধর্মী প্রকাশনা উৎসবের আয়োজন করে প্রকাশনা সংস্থা ‘দশমিক’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ খান চৌধুরী। প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন ‘দশমিক’-এর প্রকাশক দীপ্ত রায়হান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম জিলানী, এম এ বাবর, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও মো. আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
অনুষ্ঠানের আলোচনায় অংশগ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। বক্তারা তাদের বক্তব্যে সাবরিনা শুভ্রার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, শিশু-কিশোরদের কাছে দেশের ইতিহাসকে এভাবে পপ-আপ বইয়ের মাধ্যমে শৈল্পিক ও আনন্দদায়ক উপায়ে উপস্থাপন করা একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
আলোচনায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, সংকটময় মুহূর্তে জাতিকে দিকনির্দেশনা প্রদান এবং পরবর্তীতে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে তাঁর দৃঢ় নেতৃত্বের বিভিন্ন গুণাবলী তুলে ধরে বক্তারা বলেন যে, এই পপ-আপ বইয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জাতীয় ইতিহাসের এই দুই মহান নেতার জীবনগাঁথা অত্যন্ত সহজবোধ্য ও আকর্ষণীয় করে তুলবে। সাধারণ বইয়ের তুলনায় পপ-আপ বইয়ে পাতা উল্টালে চরিত্র ও দৃশ্য ত্রিমাত্রিক (থ্রিডি) আকারে ফুটে ওঠায় শিশুরা পড়ার পাশাপাশি এক বাস্তবসম্মত দৃশ্যমান অভিজ্ঞতা লাভ করবে।
লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রা রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি একাধারে লেখক, বিশ্লেষক ও শিক্ষক। সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা ও রাজনৈতিক বিশ্লেষণে পারদর্শী সাবরিনা শুভ্রা দীর্ঘ সময় দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউএসএইড ও ইউকেএইড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পলিটিক্যাল মাস্টার ট্রেইনার এবং বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষকতা করছেন।
সাবরিনা শুভ্রার সাহিত্যিক বিচরণ বেশ বিস্তৃত। তার রচিত উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে—‘নীল ধ্রুবতারা’, ‘শঙ্খচূড়া’, ‘সময়ের প্রতিচ্ছবি’, ‘Margin of the Heart’, ‘বাংলার অয়কনতারা’ ও ‘মহামীবনের উপাখ্যান’। সমাজ, রাজনীতি ও মানবিক বিষয়াবলির প্রতি তার গভীর অনুরাগ পাঠক মহলে সমাদৃত। সাংবাদিকতা ও রাজনৈতিক বিশ্লেষণে তার পারদর্শিতা এবং সৃজনশীল লেখনী তাকে পাঠকদের কাছে এক স্বতন্ত্র উচ্চতায় নিয়ে গেছে।
মন্তব্য করুন