প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬, ০২:৩২ পিএম

অনলাইন সংস্করণ

ভালুকার রাজৈ ইউনিয়নে রাতের আঁধারে ৫ শতাধিক গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

সাইফুল ইসলাম, ভালুকা প্রতিনিধি
শুক্রবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলা-র রাজৈ ইউনিয়ন-এর মধ্য রাজৈ ফকিরপাড়া এলাকায় রাতের আঁধারে ৫ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতের কোনো এক সময় সংঘবদ্ধ একটি চক্র মধ্য রাজৈ ফকিরপাড়ার কয়েকজন বাসিন্দার বাগানে ঢুকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মজিবর রহমান ফকির, গোলাম মোস্তফা ফকির, হারুন অর রশিদ ফকির, আজিজ ফকির ও রমহান ফকির।
ভুক্তভোগীরা জানান, তাদের বাগান থেকে প্রায় পাঁচ শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পেয়ে তারা হতবাক হয়ে পড়েন। এতে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তারা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্তরা বিষয়টি প্রশাসনকে অবহিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

মন্তব্য করুন