প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
বাগেরহাটে সম্ভব ঘূর্ণিঝড় 'রেমাল 'মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক।
সামান্য গুমট আবহাওয়া দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুর উজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় ৩৫৯টি আশ্রয় কেন্দ্রসহ তিন হাজার ৫০৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। জরুরি ত্রাণ কার্যে ব্যবহারের জন্য রয়েছে পাঁচ লাক্ষ ৫০ হাজার টাকা ও ৬৪৩. ৪০০ টন চাল মজুদ রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে।
বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, পুলিশের পক্ষ থেকে জেলা সদরসহ প্রতি উপজেলায় কুইক রেসপন্সটীম গঠন করা হয়েছে।
সুন্দবনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও কাজী নুরুল করিম জানান।
এদিকে কোস্টগার্ডে ও নৌবাহিনী উপকূলীয় অঞ্চলের মানুষকে সচেতন করার জন্য প্রস্তুত রয়েছে। বঙ্গোপসাগর ও বিভিন্ন নদ-নদীতে থাকা নৌযানগুলোকে গভীর সমূদ্রে না যাবার জন্য বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজ শুক্রবার সকালেই নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়েছে। এ জন্য দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেতও দেখতে বলা হয়েছে। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্র না যেতে বলা হয়েছে।
এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হবে ‘রেমাল’। ‘রেমাল’ হলে বাংলাদেশের সুন্দরবনসংলগ্ন খুলনা ও পটুয়াখালীর খেপুপাড়ার উপকূলের দিকেই আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা। এর বিস্তৃতি অপেক্ষাকৃত বেশি হবে বলে তারা মনে করছেন।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মো. শামীম আহসান বলেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। এটি সৃষ্টি হলে বাংলাদেশের উপকূলের দিকে আসতে পারে। এর গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, রেমাল আঘাত হানলে, তা প্রবল থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড় হতে পারে।
জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিপদ সংকেত জারি হলে তারা এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করবেন। শুকনো খাবার, ওষুধ, ঢেউটিন ও নগদ টাকা প্রস্তত রাখা হয়েছে। প্রস্তত রয়েছে স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ বাহিনী, কোস্ট গার্ড, পানি উন্নয়ন বোর্ড।
মন্তব্য করুন