ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৪, ০৪:৫৯ এ এম

অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে ইউপি সচিবের মাথা ফাটিয়ে দিয়েছে চেয়ারম্যান

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার  নন্দুয়ার ইউনিয়ন পরিষদে নিয়ম বহির্ভূতভাবে সরকারি রাজস্ব আদায় (চকিদারি টেক্স) এর চেক না দেওয়ায় ইউপি সচিব দবিরুল ইসলাম (৩৮) কে মোবাইল দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে  ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর বিরুদ্ধে ।

সোমবার (২৫ মার্চ) রানীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী সচিব দবিরুল ইসলামের কাছে  সরকারি রাজস্ব আদায়ের টাকা চান। সচিব দবিরুল ইসলাম একাউন্ট পে-চেক দিতে চান। কিন্তু ইউপি চেয়ারম্যান বিআরআর অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে টাকা চান সচিবের কাছে। এ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে চেয়ারম্যান তার হাতে থাকা মোবাইল দিয়ে সচিবের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে ইউপি সচিব দবিরুল ইসলামকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে ওই সচিব হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন।

ইউনিয়ন পরিষদ সচিব দবিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আমার কাছে নিয়ম বহির্ভূতভাবে চেক চায়। আমি সরকারি নিয়মের মধ্যে একাউন্ট পে-চেক দিতে চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা মোবাইল দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায়। আমার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আমি বিষয়টি শুনেছি। থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, বিষয়টি আমি শুনেছি। আহত সচিব  থানায় অভিযোগ করেছেন।আমি ওসিকে বলছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

মন্তব্য করুন