প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১১:৩২ এ এম

অনলাইন সংস্করণ

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একমত তারেক রহমান-এরদোগান

বিজনেস ফাইল ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত ‘তুর্কি হাউসে’ এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে জোর দেন দুই নেতা। পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ছাড়া দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বহুমুখী খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপরও বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই দ্বিপক্ষীয় বৈঠকের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।

মন্তব্য করুন