প্রকাশিত: ১৭ সেপ্টেম্বার, ২০২৬, ০৮:২৭ পিএম

অনলাইন সংস্করণ

গাছ বাঁচলে মানুষ বাঁচবে: এমপি মিলন

রাজশাহী ব্যুরো
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, “গাছ বাঁচলে মানুষ বাঁচবে। মানুষের জীবন ও পরিবেশের সঙ্গে গাছের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান গাছও রক্ষা করতে হবে।”
বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পৃথক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ভবন উদ্বোধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পরিবেশের ভারসাম্য ও অক্সিজেনের গুরুত্ব তুলে ধরে এমপি মিলন বলেন, মানুষ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং অক্সিজেন সরবরাহ করে। করোনা মহামারির সময় কৃত্রিমভাবে অক্সিজেন নিতে মানুষের যে ভোগান্তি ও ব্যয় হয়েছে, তা থেকে প্রাকৃতিক অক্সিজেনের গুরুত্ব সহজেই উপলব্ধি করা যায়। তাই গাছ লাগানো ও গাছ রক্ষাকে সামাজিক দায়িত্ব হিসেবে নিতে হবে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জ্ঞান ও নৈতিকতা অর্জনের পাশাপাশি ভালো মানুষ তৈরির অন্যতম প্রধান স্থান। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনে শিক্ষাব্যবস্থায় চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো, খেলার মাঠ ও শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পর্যায়ক্রমে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এমপি মিলন বলেন, ওই আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে এবং আহতদের প্রতি সহমর্মিতা জানাতে হবে। যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা আন্দোলনে অংশ নিয়েছিল, তা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিএনপির রাজনীতি ও দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার বিভিন্ন উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন। বিএনপির চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও বক্তব্যে তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছেলে-মেয়ে নির্বিশেষে সব শিক্ষার্থীকে যোগ্য, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তব্য শেষে এমপি মিলন শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা তুলে দেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং মাঠে বৃক্ষরোপণ করেন।
খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পারিলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোখলেসুর রহমান। খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পবা উপজেলা বিএনপির সদস্যসচিব সহকারী অধ্যাপক আব্দুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সভাপতি আলী হোসেন, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্যসচিব বাদশা মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম মাস্টার, খড়খড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মুস্তাক আহমেদ ছোট ও পারিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদিকুল ইসলাম স্বপন।
এ ছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন