প্রকাশিত: ১৭ সেপ্টেম্বার, ২০২৬, ০৮:২৫ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে টিভি পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহী ব্যুরো
রাজশাহীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে জেলার গোদাগাড়ী থানাধীন গোয়াইনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মধু মিয়া (৬২)। তিনি রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার গোদাগাড়ী গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন গোয়াইনগ্রাম এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে মধু মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এদিকে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. মিলন হোসেন ওরফে বাপ্পা (৪৫) নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায়। সে পুঠান কসবা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক মিলন হোসেনের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় মাদকসহ অন্যান্য অভিযোগে ১৮টি মামলা রয়েছে।

মন্তব্য করুন