প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ১০:৫২ এ এম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে খালেদা জিয়ার নামে আরএমপির ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর ফলক পুনঃউন্মোচন

উৎপল কুমার সরকার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রতিষ্ঠার ইতিহাসের স্মারক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে স্থাপিত ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর ফলক পুনরায় উন্মোচন করা হয়েছে। ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আরএমপির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘ ১৬-১৭ বছর পর সেই ফলকে তাঁর নাম পুনঃস্থাপন করে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও ভূমিমন্ত্রী যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ (সুইট)সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক  বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোঃ এরশাদ আলী ঈশা,প্রধান নির্বাহী কর্মকর্তা ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ১৯৯২ সালে আরএমপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজশাহীর আইনশৃঙ্খলা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগ ও অবদান এ প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। দীর্ঘদিন অনুপস্থিত থাকা ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর ফলকটি পুনরুদ্ধার ও পুনঃস্থাপনের মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়কে যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে।
তিনি রাজশাহীতে জুয়া, অবৈধ ভূমি দখল, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ঐতিহাসিক ফলকটি পুনরুদ্ধার ও পুনঃস্থাপনে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
পরে প্রধান অতিথি ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফলক উন্মোচনস্থলে উপস্থিত হন। মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার নামে স্থাপিত আরএমপির ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর ফলকটি পুনঃউন্মোচন করা হয়।

মন্তব্য করুন