প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ
বিনোদন প্রতিবেদক
শর্ত ভেঙে অনুমতি ছাড়া কনসার্টের স্থান পরিবর্তন, অব্যবস্থাপনা এবং বিদেশি শিল্পী ও দর্শকদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’কে কালো তালিকাভুক্ত করাসহ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৬ জুলাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার রাজধানীর ভাটারার মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামকে নিয়ে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ‘মেইন স্টেজ’ নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
তবে কনসার্ট আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেয় মেইন স্টেজের সহযোগী প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’।
অনুষ্ঠানের জন্য প্রথমে ভেন্যু নির্ধারণ করা হয়েছিল ৩০০ ফুট এলাকার ক্রিকেটার্স একাডেমি। কিন্তু কনসার্টের একদিন আগে সংবাদ সম্মেলনে মেইন স্টেজের প্রধান নির্বাহী কাজী রাফসান জানান, বৃষ্টির কারণে আগের ভেন্যুতে মঞ্চ তৈরি করা সম্ভব হচ্ছে না। এ কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, শেষ মুহূর্তে এভাবে ভেন্যু পরিবর্তনের মাধ্যমে অনুমতিপত্রের শর্ত লঙ্ঘন করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, খিলক্ষেত পূর্বাচল এক্সপ্রেসওয়ের ‘ক্রিকেটার্স একাডেমি’ ভেন্যুতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য ‘ইভেন্ট সাজাই’কে অনুমতি দেওয়া হয়েছিল।
তবে আয়োজক প্রতিষ্ঠান পূর্বানুমোদন ছাড়া অনুষ্ঠানের স্থান পরিবর্তন করেছে। এর ফলে অনুষ্ঠান আয়োজনে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয় এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, ভেন্যুর শর্ত না মানা ও অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানে আসা বিদেশি শিল্পী ও কলাকুশলীরা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েন। একইসঙ্গে ন্যূনতম সুযোগ-সুবিধার ঘাটতি ও নিরাপত্তার অভাবে দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
পরিস্থিতি বিবেচনায় আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’র বিরুদ্ধে তদন্ত করে তাদের কালো তালিকাভুক্ত করাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্দেশনার অনুলিপি বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (বিশেষ শাখা-এসবি), ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে মেইন স্টেজের প্রধান নির্বাহী কাজী রাফসান ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নিশা সালামকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।
তবে আয়োজকদের একজন ড্যানিয়েল গ্লিটজ বলেন, “ইভেন্ট সাজাই মেইন স্টেজেরই একটি প্রতিষ্ঠান। এই কনসার্টে আমরা মূলত কৌশলগত অংশীদার ছিলাম। সবকিছু মেইন স্টেজ পরিচালনা করেছে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ও আইনগত প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনিক বিষয়গুলো তাদের আওতাভুক্ত ছিল না।
‘ইভেন্ট সাজাই’কে কালো তালিকাভুক্ত করা ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশের বিষয়ে জানতে চাইলে ড্যানিয়েল বলেন, “না, এ বিষয়ে আমরা জানি না। তারা (মেইন স্টেজ) পুরো বিষয়টি পরিচালনা করেছে, তাই তাদের সঙ্গে কথা বললেই বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।”
মন্তব্য করুন