প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০৩:০০ এ এম
অনলাইন সংস্করণ
দুই স্ত্রীসহ আদম তমিজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের বিরুদ্ধে চেক ডিসঅনারের দুটি মামলায় এ আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দুই স্ত্রী ও আদম তমিজি হকসহ পাঁচজনের বিরুদ্ধে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের বিচারক মো. মাহমুদুল মোহসীন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অন্য আসামিরা হলেন- আদম তমিজি হকের স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক নুসরাত আক্তার হক, তার আরেক স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক লিজা আক্তার হক, হক ফুডের জিএম (ফিন্যান্স এন্ড একাউন্টস) মো. রেজাউল করিম ও সিনিয়র জিএম (বিডি এন্ড লজিস্টিকস) মুশফাকুর রহমান।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মালেক আদনান গণমাধ্যমকে বলেন, ঢাকার মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান কে বি সি এগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেড এবং হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে ব্যবসা করত। ব্যবসায়িক লেনদেনে হক ফুড লিমিটেডের ১৯ লাখ ৪৫ হাজার ৩শ টাকা বকেয়া হয়। আসামিরা এই বকেয়া টাকা পরিশোধের জন্য কে.বি.সি কোম্পানিকে দু’টি চেক দেয়। কিন্তু চেক দু’টি ‘এডভাইস নট রিসিভ্ড’ মন্তব্যে ব্যাংক কর্তৃক ডিসঅনার হয়। পরে কে বি সি কোম্পানির পক্ষে ইমরান হোসেন (ম্যানেজার রিকোভারী) বাদী হয়ে ২০২৩ সালের ৭ ডিসেম্বর হক ফুডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকসহ পাঁচজনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতে মামলা করেন।
মন্তব্য করুন