প্রকাশিত: ২২ ঘন্টা আগে, ০৯:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি' র সংবাদ সম্মেলন

বিজনেস ফাইল প্রতিবেদক 
বাংলাদেশ বাল্ক হেড মালিক সমিতির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ  আকরাম খাঁ হলে আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
উক্ত সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, মোঃ কবির মোল্লা, হাজী মারফত আলী সহ আরো অনেকে। তারা  তাদের  বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং লিখিত বক্তব্য পেশ করেন। তারা বলেন - দেশীয় প্রযুক্তি ও অর্থায়নে গড়ে ওঠা দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতের অন্যতম চালিকাশক্তি 'বাল্কহেড ও ড্রেজার শিল্প' আজ গভীর সংকটের মুখোমুখি। সম্প্রতি ঢাকার আশেপাশের একমাত্র বৈধ লোড পয়েন্ট ভোলার ইলিশা (মেঘনা ১, ২, ৩, ৪) বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা, মেঘনা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র নদীকেন্দ্রিক সহস্রাধিক বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
বর্তমানে ঢাকার আশেপাশে কোনো বৈধ বালুমহাল না থাকায় একদিকে সহস্রাধিক বাল্কহেড ও ড্রেজার কর্মহীন হয়ে পড়েছে এবং লক্ষাধিক শ্রমিক জীবিকা হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন; অন্যদিকে মেগা প্রকল্পসহ সরকারি-বেসরকারি অবকাঠামোগত উন্নয়ন কাজ বালি সংকটে থমকে গেছে।
এমতাবস্থায়, অনতিবিলম্বে নতুন বৈধ বালুমহাল চিহ্নিতকরণ ও ইজারা প্রদানসহ আমাদের অস্তিত্ব রক্ষার ৬-দফা দাবি নিম্নে উপস্থাপন করছি:
আমাদের ৬-দফা দাবিনামা: ১. নতুন বৈধ বালুমহাল চিহ্নিতকরণ ও ইজারা প্রদান (প্রধান দাবি): 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী অবিলম্বে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা ও বরিশাল নৌপথে পরিবেশ সমীক্ষা চালিয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নতুন বৈধ বালুমহাল ইজারা দিতে হবে।
২. নিরাপত্তা নিশ্চিতকরণ: বৈধ বালুমহাল, চলাচলকারী বাল্কহেড, ড্রেজার এবং এতে কর্মরত শ্রমিকদের জানমালের পূর্ণ নিরাপত্তা দিতে হবে।
৩. যৌথ তদারকি কমিটি গঠন: নৌ ও স্থানীয় প্রশাসন, ইজারাদার, বাল্কহেড মালিক এবং শ্রমিক  সমন্বয়ে কার্যকর তদারকি কমিটি গঠন করতে হবে।
৪. চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ: নৌপথে চুরির চেষ্টা, ডাকাতি, অসাধু জেলেদের তাণ্ডব ও অবৈধ চাঁদাবাজি বন্ধে নৌ পুলিশ ও কোস্ট গার্ডের টহল জোরদার করতে হবে।
৫. হয়রানি বন্ধ ও নৈশকালীন চলাচল: নিরাপদ নৌপথে বিধি অনুযায়ী রাতে বাল্কহেড চলাচলের সুযোগ দিতে হবে এবং প্রশাসন ও সংস্থার ভিত্তিহীন বা হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে।
৬. অবৈধ টোল আদায় বন্ধ: চলন্ত নৌযান থামিয়ে বিআইডব্লিউটিএ বা অন্য কারও নামে অবৈধ অর্থ ও যত্রতত্র মনগড়া টোল আদায় সম্পূর্ণ বন্ধ করতে হবে।
পরিশেষে তারা জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নতুন বৈধ বালুমহাল ইজারার কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বাধ্য হয়ে আমরা সকল নদীপথে বাল্কহেড ও ড্রেজার চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

মন্তব্য করুন