প্রকাশিত: ১৯ সেপ্টেম্বার, ২০২৬, ০৫:১৫ পিএম

অনলাইন সংস্করণ

চট্টগ্রাম ও কক্সবাজারে ল্যাবএইডের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, কর্পোরেট চুক্তি স্বাক্ষর

বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রাম ও ল্যাবএইড ফার্মার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প। এছাড়া কক্সবাজারে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, ল্যাবএইড ফার্মা ও কক্সবাজার চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প এবং কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত। 

চট্টগ্রাম:
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রাম এবং ল্যাবএইড ফার্মার যৌথ উদ্যোগে আজ চট্টগ্রাম ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হলো একটি বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা এই আয়োজনে নগরবাসীর জন্য উন্মুক্ত ছিল রক্তচাপ পরীক্ষা, রক্তে শর্করার মাত্রা নির্ণয়, নাড়ির স্পন্দন পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং ওজন ও উচ্চতা মেপে শারীরিক ভর সূচক নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা।

দিনের একটি বিশেষ পর্ব ছিল বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা, যেখানে ক্যান্সারের কারণ ও এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ সালাহউদ্দীন শাহ। তিনি তাঁর বক্তব্যে ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। উপস্থিত শ্রোতাদের নানা প্রশ্নের জবাবও দেন তিনি, যা আলোচনাকে করে তোলে প্রাণবন্ত ও তথ্যবহুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত চিকিৎসক ও রাজনীতিবিদ ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাজেদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক ডাঃ শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম এবং খাতুনগঞ্জ ডাল মিল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোঃ আবুল কাশেম ভূঁইয়াসহ চট্টগ্রামের বিশিষ্টজনেরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রাম ও ল্যাবএইড ফার্মার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ প্রসঙ্গে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর অস্ত্র হলো সচেতনতা এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়। তিনি বলেন, চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল চট্টগ্রাম ও ল্যাবএইড ফার্মার যৌথ প্রচেষ্টায় এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করতে পেরে ল্যাবএইড পরিবার গর্বিত, এবং ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

কক্সবাজার:
কক্সবাজারে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, ল্যাবএইড ফার্মা ও কক্সবাজার চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প এবং কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথ উদ্যোগে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার ও ল্যাবএইড ফার্মার আয়োজনে সাইমন হেরিটেজ ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি। কক্সবাজারের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব ও সার্বিক সহযোগিতা করেন ল্যাবএইড গ্রুপের কর্ণধার সাকিফ শামীম।

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তে শর্করার মাত্রা নির্ণয়, নাড়ির স্পন্দন পরীক্ষা, ওজন ও উচ্চতা পরিমাপের মাধ্যমে শারীরিক ভর সূচক (BMI) নির্ণয় এবং চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনায় রোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে জটিলতা কমানোর বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের সার্জারি বিশেষজ্ঞ ও কনসালটেন্ট ডা. চৌধুরী সাজ্জাদ হায়দার। আলোচনার পাশাপাশি উপস্থিত ব্যবসায়ী ও অতিথিদের বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জনাব আব্দুল শুক্কুর। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান; কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আবুল হাসেম; সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল; রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলি বাবর এবং কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাসান তালুকদার। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীমের পাশাপাশি উপস্থিত ছিলেন হাসপাতালটির ডিরেক্টর মাসতুরা ফারজানা মোহনা, ল্যাবএইড গ্রুপের ডিরেক্টর পারিশা শামীম এবং ল্যাবএইড ফার্মার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ল্যাবএইড ফার্মার পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের জোনাল হেড আবুল বাছির। এছাড়াও উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ডিজিএম মো. ফিরোজ হোসেন খান ও এজিএম আবু নাজিম।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনা করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সিনিয়র ম্যানেজার, ব্র্যান্ডিং অ্যান্ড পিআর, জাকির হোসেন। অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি ল্যাবএইড গ্রুপের স্বাস্থ্যসেবা কার্যক্রম, বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা এবং দেশের মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি কর্পোরেট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এ প্রসঙ্গে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরি করাও আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। কক্সবাজারের ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে এমন একটি উদ্যোগ আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ক্ষেত্রে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগ প্রতিরোধে সচেতন হওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম এবং কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জনাব আব্দুল শুক্কুর, CIP, স্বাক্ষর করেন। এই কর্পোরেট চুক্তির মাধ্যমে কক্সবাজার চেম্বারের সদস্যরা ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইডের অন্যান্য শাখায় বিশেষ চিকিৎসাসুবিধা পাবেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবা ও ক্যান্সার সচেতনতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, ল্যাবএইড ফার্মাসহ ল্যাবএইড গ্রুপ নিয়মিতভাবে বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্প, সচেতনতামূলক আলোচনা ও আউটরিচ কার্যক্রম আয়োজন করে আসছে।

মন্তব্য করুন