প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৪৯ এ এম
অনলাইন সংস্করণ
উৎপল কুমার সরকার, রাজশাহী ব্যুরোঃ
অভিযোগ উঠেছে রাজশাহীর চারঘাটে পূর্বশত্রুতা এবং মাহফিলের অতিথি নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এরশাদ আলী (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত এরশাদ আলী ইউসুফপুর ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ঐ এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ওয়াজ মাহফিল আয়োজনের বিষয়ে আলোচনায় বসে গ্রামবাসী। সভায় এক পক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়। অন্যদিকে, এরশাদ আলী সহ অন্য পক্ষ সাবেক এমপি আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা সৃষ্টি হয় ফলে এক পর্যায়ে সভাটি পণ্ড হয়ে যায়।
পুনরায় বিষয়টি নিয়ে রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদ সহ বেশ কয়েক জন তার পথরোধ করেন। এক পর্যায়ে তারা পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে এরশাদ আলীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাৎক্ষণিক ভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মামলা দায়ের সহ আইন গত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তসর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার পর থেকে ঐ এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানান তিনি।।
মন্তব্য করুন