প্রকাশিত: ৪ জুন, ২০২৪, ০২:০০ এ এম
অনলাইন সংস্করণ
মোংলা বন্দরে অবস্থান একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। শনিবার (১ জুন) গভীর রাতে মোংলা পৌর শহরের ১নং লেবার জেটি এলাকা থেকে কোস্ট গার্ড এই তেল জব্দ করে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
এদিকে গোয়ান্দা সংস্থার একাধিক লোক বলেছেন, বন্দরে অবস্থানরত জাহাজ থেকে বাজার পার্টির জনৈক কালাম ও ইউসুফ এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে তেল পাচার করে আসছে। শনিবার জব্দ হওয়া তেলও তারা পাচার করে এনেছেন। তবে তারা সব সময়ই রহস্যজনক কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে যান।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মাহাসীন জানান, মোংলা বন্দরে অবস্থানরত পানামা পতাকাবাহী 'ইয়াস স্কাই' জাহাজ থেকে ২১৭ ব্যারেল জ্বালানি তেল পাচার হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড মোংলা শহরের অভিযান চালায়। পরে ১নং লেবার জেটি থেকে এই তেল জব্দ করেন তারা। তবে এ সময় এর সঙ্গে জড়িত কাউকে না পাওয়ায় আটক করা যায়নি। পরে জব্দকৃত এই তেল মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষের জয়েন্ট কমিশনার (জেসি) মো. মাহফুজুর রহমান বলেন, মো. বেল্লাল হোসেন নামধারী কাস্টমস ভেন্ডার লাইসন্স মেসার্স এবি সিদ্দিকের অনুকূলে এই তেল নামানো হয়েছে। এ বিষয়ে ওই ব্যক্তিকে ৫ লাখ ৫৭ হাজার ২২৪ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল শাহীন রহমান বলেন, মোংলা বন্দরে অবস্থানরত জাহাজ থেকে পাচার বা চুরি রোধসহ নিরাপত্তার বিষয়ে নদীতে কোস্ট গার্ডের টহলে থাকার কথা। কিন্তু তাদের চোখ ফাঁকি দিয়ে এই ঘটনা ঘটলো, তাদের দায়িত্বে অবহেলা ছিল কী না সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, কারা জড়িত। এরপরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন