প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী কিছু লোকাল বাসে ভাড়া ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এরই মধ্যে বর্ধিত ভাড়া আদায় শুরু করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে নতুন ভাড়ার তালিকা (চার্ট) না পাওয়ায় দূরপাল্লার বিভিন্ন নন-এসি ও এসি বাসে এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে। এতে একই রুটে পরিবহনভেদে ভাড়ার পার্থক্য দেখা দিয়েছে।
রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আরপি স্পেশাল বাসে আগে ভাড়া ছিল ৬০০ টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার পর এখন যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৭০০ টাকা। আরপি স্পেশালের রাজশাহী কাউন্টারের মাস্টার মো. সাগর বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের ভাড়া ১০০ টাকা বাড়ানো হয়েছে।
তবে সরকারি হিসাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। সে হিসাবে রাজশাহী-ঢাকা রুটে লোকাল বাসের ভাড়া সর্বোচ্চ প্রায় ৫০ টাকা বাড়ার কথা। এর বিপরীতে ১০০ টাকা বাড়ানোর কারণ জানতে চাইলে আরপি স্পেশালের কাউন্টার মাস্টার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে বৃহস্পতিবার রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা যায়, ন্যাশনাল ট্রাভেলস, শ্যামলী পরিবহন, দেশ ট্রাভেলসসহ কয়েকটি দূরপাল্লার পরিবহনের কাউন্টারে নতুন ভাড়ার চার্ট এখনো পৌঁছেনি। ফলে এসব পরিবহনের অধিকাংশ বাসে আগের ভাড়াই নেওয়া হচ্ছে।
ন্যাশনাল ট্রাভেলসের রাজশাহী-ঢাকা রুটের নন-এসি বাসে আগে ভাড়া ছিল ৭৩০ টাকা। বর্তমানে যাত্রীদের কাছ থেকে একই ভাড়া নেওয়া হচ্ছে। তবে বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া ১০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। ইকোনমিক ক্লাসের এসি বাসের ভাড়া আগের মতোই ৯৫০ টাকা রয়েছে।
শ্যামলী পরিবহনের রাজশাহী কাউন্টার ম্যানেজার এনামুল হক বলেন, নতুন ভাড়ার চার্ট এখনো না আসায় রাজশাহী-ঢাকা রুটের নন-এসি বাসে ৭৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া ১ হাজার ৩০০ টাকা। মালিকপক্ষ থেকে নতুন চার্ট সরবরাহ করা হলে অন্যান্য বাসের ভাড়ার বিষয়েও সিদ্ধান্ত হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকারি নির্ধারিত ভাড়ার সঙ্গে পরিবহন মালিকদের আদায় করা ভাড়ার সামঞ্জস্য নিয়ে যাত্রীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে কিছু লোকাল বাসে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হলেও দূরপাল্লার বিভিন্ন বাসে এখনো আগের ভাড়া নেওয়া হচ্ছে। ফলে একই রুটে পরিবহনভেদে ভাড়ার এই ভিন্নতা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।
মন্তব্য করুন