প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:১৩ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার

রাজশাহী ব্যুরো
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকড়াপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), রাজশাহী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিসি কোম্পানি রাজশাহীর একটি অভিযানিক দল গোদাগাড়ী থানাধীন কাকড়াপাড়া গ্রামের মাটির রাস্তার পূর্ব পাশে সরকারি খাসজমির ওপর তৈরি একটি প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগে এসব মাদকদ্রব্য পড়ে থাকতে দেখে।
এসআরবি-৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনার সময় টর্চ ও সার্চ লাইটের আলোতে প্লাস্টিকের ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় দুটি লাল রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। এর মধ্যে একটি ব্যাগে সাদা পাউডারসদৃশ হেরোইন ছিল, যার ওজন ৫২৮ গ্রাম। অপর ব্যাগে ছোট ছোট ৬টি সাদা পলিপ্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০৭.৫ গ্রাম করে হেরোইন থাকায় ওই ছয় প্যাকেটে মোট ৬৪৫ গ্রাম মাদক ছিল।
পরে উদ্ধার করা হেরোইনের মোট ওজন দাঁড়ায় ১ কেজি ১৭৩ গ্রাম। প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
এসআরবি-৫ জানায়, উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৫ দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মন্তব্য করুন