প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে অসচ্ছল সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে আবেদন যাচাই-বাছাই সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক বলেন, দুস্থ, অসহায় ও অসচ্ছল সাংবাদিক এবং তাদের মেধাবী সন্তানদের আর্থিক সহায়তা ও অনুদান প্রদানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ সংক্রান্ত সরকারি সহায়তার তথ্য প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকদের কাছেও পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে যোগ্য আবেদনকারীদের আবেদন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন, সরকারি সিটি কলেজের শিক্ষক মো. ওয়াহেদুল ইসলাম, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক মো. আহসান হাবীব, জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিন এবং সহকারী পরিচালক আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় পেশাগত দায়িত্ব পালনে অক্ষম বা অসমর্থ সাংবাদিক, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এবং চিকিৎসা ব্যয় বহনে অক্ষম সাংবাদিকদের সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি, সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরি, বৃত্তি বা স্টাইপেন্ড প্রদান করা হয়।
এ ছাড়া দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় গুরুতর আহত বা নিহত সাংবাদিক এবং আর্থিকভাবে অসচ্ছল অবসরপ্রাপ্ত বা প্রয়াত প্রতিথযশা সাংবাদিকদের পরিবারের কল্যাণেও অনুদান ও আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
মন্তব্য করুন