প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:০১ এ এম
অনলাইন সংস্করণ
ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহী বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে মিষ্টি উৎপাদন ও বাজারজাত করার পাশাপাশি দই ও মাঠার পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সংবলিত লেবেল ব্যবহার না করায় রাজশাহী নগরীর হড়গ্রাম বাজারের অলিম্পিয়া সুইটস-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস (সিএম) উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের বাধ্যতামূলক গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রি করছে। এছাড়া বিক্রির জন্য রাখা দই ও মাঠার পণ্যে উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করে প্রয়োজনীয় লেবেল সংযুক্ত করা হয়নি। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্যপণ্য উৎপাদনকারী ও ব্যবসায়ীদের বিএসটিআইয়ের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন