প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১০:২২ এ এম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি প্লাস্টিকের বাজারের ব্যাগও জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই রাত সাড়ে ১০টার দিকে তানোর থানার কলমা ইউনিয়নের কুঠিপুকুর গ্রামের বেলতলা রেলব্রিজের দক্ষিণ পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলা ডিবির একটি দল। অভিযানের নেতৃত্ব দেন ডিবির এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান কোষার।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— তানোর উপজেলার রাজাপুর গ্রামের মো. তওহেদুল ইসলাম (২৫) এবং একই উপজেলার গোদাগাড়ী থানার মশিদপুর গ্রামের মো. মানিক মিয়া (২৮)।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন