প্রকাশিত: ২ আগষ্ট, ২০২৬, ১০:৩১ এ এম

অনলাইন সংস্করণ

বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব এমপি মিলন

ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহীর পবা উপজেলার ভুগরইল খ্রিষ্টানপাড়ার শিশু প্রভাত বিদ্যানিকেতনে শনিবার (১ আগস্ট) অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
অনুষ্ঠানে এমপি মিলন শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফল তুলে দেন, কৃতীদের অভিনন্দন জানান এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে পরিচর্যার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যা নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু প্রভাত বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক সুমী মুর্মু। বিশেষ অতিথি ছিলেন ভুগরইল গির্জার ফাদার পল পিটার কস্তা, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, কৃষক দল নেতা ওয়াদুদ হাসান পিন্টু, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি ও গ্রাম্য প্রধান জুলিয়ান বিশ্বাস।
উল্লেখ্য, সাঁওতাল নারীদের তৈরি নকশিকাঁথা বিক্রির আয় দিয়ে পরিচালিত শিশু প্রভাত বিদ্যানিকেতন শিক্ষা, নারী স্বাবলম্বিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে এলাকায় পরিচিত।

মন্তব্য করুন