প্রকাশিত: ২ আগষ্ট, ২০২৬, ১০:২৮ এ এম
অনলাইন সংস্করণ
ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ডা. কাইসার রহমান চৌধুরী অডিটোরিয়ামে শনিবার (১ আগস্ট) এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও পরিচিতি (ওরিয়েন্টেশন) সভা অনুষ্ঠিত হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও রাজশাহী জেলা শাখার সভাপতি, বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. ওয়াসিম হোসেন এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রামেক শাখার সভাপতি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. মোফাখখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ড্যাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মো. মনোয়ার তারিক সাবু, রামেকের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ডা. মোর্শেদ জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নবীন ইন্টার্ন চিকিৎসক, তাদের অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা।
সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নবীন ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ, নেমপ্লেট পরিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করানো হয়। অনুষ্ঠানে প্রাক্তন ইন্টার্ন চিকিৎসক ও রামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী এবং প্রাক্তন ইন্টার্ন প্রতিনিধি ডা. তৌকির নিজেদের অভিজ্ঞতার আলোকে নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, একজন দক্ষ চিকিৎসক হওয়ার জন্য কঠোর পরিশ্রম, পেশাগত সততা ও মানবিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব নিয়ে সেবাদানে আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে তারা বলেন, একজন ভালো চিকিৎসক হওয়ার আগে একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের একপর্যায়ে রামেক হাসপাতালের পরিচালক প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন। পরে তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহান ইমতিয়াজ চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রামেক হাসপাতালের মুখপাত্র ও পেইন ক্লিনিকের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ।
মন্তব্য করুন