প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী।
র্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ২টা ৫ মিনিটে গোদাগাড়ী থানার প্রেমতলী মেডিকেল মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে র্যাব সদস্যরা সন্দেহভাজন মো. পলাশ আলী (২৮)-কে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন